জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মুশফিক এনাম তূর্য, যিনি অনলাইনে ‘হিউমর ট্যাবলেট’ নামে পরিচিত, সম্প্রতি ফেসবুক লাইভে এসে আবেগঘন বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন। লাইভে তিনি বলেন, আল্লাহ তার কোনো কথা শোনেন না বা তিনি যা চান তা দেন না, তবে তাঁর প্রতি কোনো অভিমান নেই। তূর্য উল্লেখ করেন, মানুষ আল্লাহর প্রতি অভিমান করে, কিন্তু তিনি একবার খুব আশার সঙ্গে প্রার্থনা করেছিলেন, “আল্লাহ, আমি খুব ক্ষুদ্র একজন মানুষ, তুমি একবার আমাকে তোমার ঘরটা দেখাও।” আজ তিনি কাবায় দাঁড়িয়ে সেই স্বপ্ন পূরণ হয়েছে বলে জানান।
আল্লাহ নিজেই পবিত্র কোরআনে ঘোষণা করেছেন—﴿ادْعُونِىْ أَسْتَجِبْ لَكُمْ﴾ “তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।” (সূরা আল মু’মিন/গাফির ৪০ : ৬০)।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর ভক্তরা আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, তূর্যের এই অভিজ্ঞতা তাদের হৃদয় ছুঁয়ে গেছে। ব্যঙ্গাত্মক কনটেন্টের জন্য পরিচিত তূর্য এবার ভিন্ন আঙ্গিকে তার ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে নতুনভাবে আলোচনায় এসেছেন।