ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের নিজস্ব সংগঠন ‘ডিআইইউ কমিউনিকেশন ক্লাব’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

২০২৫-২৬ সালের জন্য ঘোষিত এক বছর মেয়াদি এই কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী তামান্না ইয়াসমিন মারিয়া এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ৪৭ ব্যাচের ইশরাক আলম খান। তারা দু’জনই পূর্ববর্তী কমিটিতে যথাক্রমে কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) ক্লাবের পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান জামিল-কে আহ্বায়ক করে বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের অনুমোদনক্রমে এই নতুন কমিটি গঠন করা হয়।
নতুন এই কমিটির সহ-সভাপতি পদে ৪৭ ব্যাচের মামুন ইসলাম এবং নাঈম হোসেন, যুগ্ম সম্পাদক পদে ৪৮ ব্যাচের জুনায়েদ আহম্মেদ এবং আয়েশা সিদ্দিকা ঔশি, কোষাধ্যক্ষ পদে ৪৮ব্যাচের হিম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক পদে ৪৯ ব্যাচের আমির খসরু, জনসংযোগ সম্পাদক পদে ৪৯ব্যাচের মুশফিকুর রহমান, প্রচার সম্পাদক পদে ৪৯ ব্যাচের ফাহিমুর রহমান, দপ্তর সম্পাদক পদে ৪৯ ব্যাচের রাফিজুল হাসান, সমাজকল্যাণ সম্পাদক পদে ৪৯ ব্যাচের আশিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক পদে ৪৯ব্যাচের জারিন তাসনিম, প্রকাশনা সম্পাদক পদে ৫০ব্যাচের শাকিলুর রহমান খান’কে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও নতুন এই কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ৫১ ব্যাচের মুমু, মিম, শারুফ এবং অর্পিতা।
নতুন কমিটির কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ডিআইইউ কমিউনিকেশন ক্লাবের সমন্বয়ক ড. আব্দুল কাবিল খান জামিল বলেন, প্রথমেই নতুন কমিটির সকল সদস্যকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। ডিআইইউ কমিউনিকেশন ক্লাব ভবিষ্যতে উদ্ভাবনী এবং শিক্ষার্থীবান্ধব কার্যক্রম গ্রহণ করবে। আমাদের মূল লক্ষ্য হবে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং তাদেরকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত করা। এছাড়াও নতুন কমিটির জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে তামান্না ইয়াসমিন মারিয়া বলেন, ডিআইইউ কমিউনিকেশন ক্লাবের প্রথম নারী সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য একদিকে গর্বের, অন্যদিকে এটি একটি বড় দায়িত্বও। আমি চাই দলগতভাবে কাজ করে ক্লাবকে আরও সক্রিয় ও শক্তিশালী করে তুলতে। প্রত্যেক সদস্যের মতামত ও সৃজনশীলতাকে গুরুত্ব দিয়ে আমরা এমন উদ্যোগ নেব যা ক্লাবকে আরও সমৃদ্ধ করবে এবং ডিআইইউ কমিউনিকেশন ক্লাবের সুনাম আরও বৃদ্ধি করবে।
বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের শিক্ষার্থীরা নতুন এই কমিটিকে ঘিরে নতুন প্রত্যাশা ব্যক্ত করেছেন। তারা মনে করেন, ডিআইইউ কমিউনিকেশন ক্লাব শুধু বিভাগের নয়, বরং বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ সংগঠন, যা শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, দলগত কাজ ও সৃজনশীলতা বিকাশে অনন্য ভূমিকা রাখছে। নতুন কমিটির নেতৃত্বে ক্লাবটি আরও কার্যকর ও প্রাণবন্ত হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন সবাই।