আন্তর্জাতিক ডেস্ক
কাঠমাণ্ডু | ১৮ সেপ্টেম্বর ২০২৫
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি ঘোষণা দিয়েছেন, ছয় মাসের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান। দায়িত্ব নেওয়ার পর বিবিসি নেপালিকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
কারকি জানান, ২০২৬ সালের ৫ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। সময়মতো ভোট আয়োজনের জন্য দিন-রাত কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আমি দিনে ১৮ ঘণ্টা কাজ করব। ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে নির্বাচন কমিশনকে সক্রিয় করা—সব কিছু দ্রুত করতে হবে। ছয় মাসেই আমি আমার দায়িত্ব শেষ করে মুক্ত হতে চাই।”
অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বলেন, আগের সরকারের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চালাতে একটি কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে। এছাড়া আন্দোলন চলাকালে সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তেও উচ্চ পর্যায়ের কমিশন করা হবে। তিনজন বিশেষজ্ঞকে নিয়ে গঠিত এই কমিশন এক থেকে দেড় মাসের মধ্যে প্রতিবেদন দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্ত্রীসভা গঠনের প্রসঙ্গে কারকি বলেন, “মন্ত্রীসভা অরাজনৈতিক হওয়া উচিত। নির্বাচনের সময় রাজনৈতিক দলের সদস্যরা যেন ক্ষমতার অপব্যবহার না করতে পারে, সে জন্য আমরা স্বাধীন ও অভিজ্ঞ ব্যক্তিদের মন্ত্রী করার চেষ্টা করছি।” তিনি জানান, নারী, আদিবাসী গোষ্ঠী, দলিত ও অনগ্রসর শ্রেণীর প্রতিনিধিদের অগ্রাধিকার দেওয়া হবে।
কারকি স্বীকার করেন, যেসব তরুণ-তরুণী নতুন সরকার গঠনের দাবি তুলেছিলেন, তারাই এখন আবার প্রতিবাদ করছেন। তবে তিনি বলেন, “আমরা সব দাবি হয়তো পূরণ করতে পারব না, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করব। বাকি অংশ পরবর্তী সংসদ ও সরকার পূরণ করবে।”