নিজস্ব প্রতিবেদক ঢাকা:
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও কমিউনিকেশন (জেএমসি) বিভাগের জেএমসি’৪৭ এবং জেএমসি’৫১ ব্যাচের শিক্ষার্থীরা সম্প্রতি ঐতিহাসিক পানাম নগর ভ্রমণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমভুক্ত কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ সফরে শিক্ষার্থীরা বাংলাদেশি ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শনকে কাছ থেকে দেখার সুযোগ পান।
ঐতিহ্যবাহী পানাম নগরের স্থাপত্য, নগর পরিকল্পনা ও সাংস্কৃতিক গুরুত্ব নিয়ে সরেজমিন পর্যবেক্ষণ করেন শিক্ষার্থীরা। ভ্রমণের সময় তারা বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন এবং সেসবের পটভূমি ও সামাজিক-সাংস্কৃতিক প্রভাব সম্পর্কে জানার চেষ্টা করেন। এ অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষার্থীরা সাংবাদিকতামূলক প্রতিবেদন, ফিচার ও গল্প তৈরির সুযোগ পান, যা তাদের ব্যবহারিক দক্ষতা বাড়াতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেএমসি বিভাগের প্রভাষক ঈহা Aubapty এই সফরের আয়োজন করেন। তিনি বলেন, “শুধু পাঠ্যবই পড়ে সাংবাদিকতার বাস্তব চিত্র বোঝা সম্ভব নয়। শিক্ষার্থীদের মাঠ পর্যায়ে গিয়ে অভিজ্ঞতা অর্জন করা অত্যন্ত জরুরি। পানাম নগর ভ্রমণ শিক্ষার্থীদের জন্য একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করেছে, যা তাদের ভবিষ্যৎ সাংবাদিকতা চর্চায় বড় ভূমিকা রাখবে।”
শিক্ষার্থীরাও জানান, এ ধরনের সফর তাদের শিক্ষার পরিধি বাড়ায় এবং ইতিহাস-ঐতিহ্যের সাথে নিবিড়ভাবে পরিচিত হতে সহায়তা করে। পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সংবাদ লেখা, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মতো গুরুত্বপূর্ণ দক্ষতা অনুশীলনের সুযোগও তৈরি হয়।
বাংলাদেশের অন্যতম প্রাচীন নগর হিসেবে পানাম নগরের বিশেষ ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। ঊনবিংশ শতকে প্রতিষ্ঠিত এ নগর এক সময় বাংলার ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র ছিল। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত এলাকা, যেখানে শত শত বছরের ইতিহাস ও ঐতিহ্য বিদ্যমান।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, এ ধরনের শিক্ষামূলক সফর শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে এবং ভবিষ্যৎ পেশাগত জীবনে সঠিকভাবে প্রস্তুত হতে ভূমিকা রাখে।
