বাংলাদেশে জনপ্রিয় চা ব্র্যান্ডগুলোর টি ব্যাগে বিপজ্জনক মাত্রায় বিষাক্ত ভারী ধাতু পাওয়া গেছে বলে এক গবেষণায় উঠে এসেছে। পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, স্থানীয় বাজার থেকে সংগৃহীত ১৩টি নমুনার পরীক্ষায় ক্রোমিয়াম, সিসা, পারদ ও আর্সেনিকসহ একাধিক ধাতুর মাত্রা আন্তর্জাতিকভাবে নির্ধারিত নিরাপদ সীমার বহু গুণ বেশি পাওয়া গেছে। এছাড়া, টি ব্যাগের প্যাকেজিংয়েও অ্যান্টিমনির উপস্থিতি শনাক্ত করা হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, নিয়মিত এ ধরনের চা পান দীর্ঘমেয়াদে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। গবেষণায় উল্লেখ করা হয়, দেশে প্রায় ৫৫ শতাংশ মানুষ প্রতিদিন ২-৩ কাপ চা পান করেন, অথচ মাত্র ১ শতাংশ ভোক্তা ভারী ধাতুর ঝুঁকি সম্পর্কে অবগত। ইএসডিও কর্তৃপক্ষ এ ঘটনাকে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি আখ্যায়িত করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। l 