আগামী ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, রাশিয়া থেকে চালুর বিষয়ে চূড়ান্ত সময়সূচি পাওয়া গেছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, “আমরা নভেম্বরে চালুর জন্য রাশিয়াকে চিঠি দিয়েছিলাম। তারা জানিয়েছে যে ডিসেম্বরে চালু করবে।”
তিনি জানান, বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি এসে পৌঁছেছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) ইতোমধ্যে পরিদর্শন করে কিছু সুপারিশ দিয়েছে, যা বাস্তবায়নের কাজ চলছে। সংস্থাটি আবারও এসে চূড়ান্ত অনুমোদন দেবে।
তবে রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম এখনও নির্ধারণ করা হয়নি বলেও জানান উপদেষ্টা।
পদ্মা নদীর তীরে পাবনায় নির্মিত এ দুই ইউনিটের বিদ্যুৎকেন্দ্রের প্রতিটি রিঅ্যাক্টর রাশিয়ার তৈরি ভিভিইআর-১২০০। দুটি ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে যোগ হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। এর মধ্যে ইউনিট–১ এর কাজ শুরু হয়েছিল ২০১৭ সালে এবং ইউনিট–২ এর কাজ শুরু হয় ২০১৮ সালে।