আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের প্রতিটি ভোটারের আস্থা পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ তিনি তার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দলের সাংগঠনিক শৃঙ্খলা, তরুণ প্রজন্মের অংশগ্রহণ এবং ভবিষ্যৎ নীতিমালা নিয়ে বক্তব্য দেন।
তারেক রহমান বলেন, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক কাঠামো মজবুত করতে বিএনপি কাজ করছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করাই তাদের অন্যতম লক্ষ্য। তিনি আরও জানান, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে সাত হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তারেক রহমান লিখেছেন, শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটিই দলের শক্তি। নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমেই বিএনপি প্রমাণ করছে যে তারা সততার ব্যাপারে আন্তরিক।
আসন্ন নির্বাচনে তরুণ প্রজন্মের প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি রাজনীতিকে শুধু ক্ষমতার খেলা হিসেবে নয়, বরং সবার অংশগ্রহণে গড়ে ওঠা একটি ক্ষেত্র হিসেবে দেখতে চায়। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতি সামনে রেখে বিএনপি ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে নীতিমালা তৈরি করছে।
অতীতের নেতৃত্বের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এবং খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন। সেই ধারাবাহিকতায় বিএনপি একটি আধুনিক, ভবিষ্যতমুখী ও শৃঙ্খলাবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
তারেক রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান ঐক্যবদ্ধ থাকার এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার জন্য। তার ভাষায়, “আমরা একসাথে প্রমাণ করবো যে বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা ও গণআকাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।”