স্টাফ রিপোর্টার | জার্নাল লেন্স | রামগতি (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের জমিদারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় নূর হোসেনের ছেলে মোহাম্মদ আরিফের চা দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের জামালের চা দোকান ও সাদ্দামের লেপ-তোশক দোকানে ছড়িয়ে পড়ে। পরে আগুন আশপাশের অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাজারের ৮টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং ৫টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, নগদ অর্থ, দোকানঘর ও মালামালসহ প্রায় ৮৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ব্যবসায়ী আবুল কাশেম বলেন, “দুপুরে দোকান বন্ধ করে খাবার খেতে বাড়ি গিয়েছিলাম। ফিরে এসে দেখি দোকানটা ছাই হয়ে গেছে। এখন আমরা নিঃস্ব।”

রামগতি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ খোকন মঞ্জু বলেন, “চা দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে লেপ-তোশকের দোকানে ছড়িয়ে পড়ে। দ্রুত খবর পাওয়ায় বড় কোনো প্রাণহানি হয়নি।”
অন্যদিকে, বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের জমিদারহাট বাজারের ব্যবসায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) আগুনের খবর দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরে নিশ্চিত হন যে ঘটনাটি রামগতি উপজেলার জমিদারহাট বাজারে ঘটেছে।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার জমিদারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
— The Journal Lens (@thejournallens) November 5, 2025
১৩টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৮৫ লাখ টাকা!
ফায়ার সার্ভিসের দুই ইউনিটের দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।#jomidarhatbazar #fire #jmconlinemojo @MoJoJamil pic.twitter.com/m2msXj3EwQ