অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ৫ দফা দাবি এবং তিন দফা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি দেশবাসীকে রাজপথে নামার আহ্বান জানিয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে জামায়াত তাদের ৫ দফা দাবি উত্থাপন করে। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর অংশ হিসেবে রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪টা ৩০ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
১৯ সেপ্টেম্বর (শুক্রবার) বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ ও সমাবেশ হবে। এতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন—
বরিশাল: নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান
রংপুর: সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
চট্টগ্রাম: সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান
সিলেট: সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ
রাজশাহী: সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল
ময়মনসিংহ: সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের
খুলনা: কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ
দলটির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঘোষিত ৫ দফা বাস্তবায়নের দাবিতে আগামী ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা ও উপজেলায়ও কর্মসূচি পালন করা হবে।